banglanewsblog

Just another WordPress.com site

শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশ

শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশ

বশির আহমদ জুয়েল :  এশিয়া কাপের চারবারের চ্যাম্পিয়ান শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে বাংলাদেশ। বৃহস্পতিবার ফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিকরা। মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৫ বলে সব উইকেট হারিয়ে ২৩২ রান করে শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কার ইনিংস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি নামে। বৃষ্টির কারণে প্রায় ২ ঘন্টা পরে খেলা শুরু হয়। তিনবার পিচ পরিদর্শন করে রাত ৮টায় খেলা শুরুর সিদ্ধান্ত নেন দুই আম্পায়ার। খেলা নেমে আসে ৪০ ওভারে, ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে বাংলাদেশের নতুন লক্ষ্য দাঁড়ায় ২১২ রান। প্রকৃতিও বাধা হয়ে দাঁড়াতে পারেনি বাংলাদেশের জয়ে। তামিম ইকবাল ও সাকিব আল হাসানের অর্ধশতকের সুবাদে ৩৭ ওভার ১ বলে ৫ উইকেটে লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম আর ৩০ ওয়ানডেতে তৃতীয় জয়।
বাংলার টাইগারদের উৎসাহ দিতে মাঠে এসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর উপস্থিতিতে মাঠের ২৫ হাজার দর্শক তীব্র উচ্ছ্বাসে প্রতিটি রান বরণ করে নিয়েছেন ।
বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতকে হারানোর পরের ম্যাচে রানার্সআপ শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশ প্রমাণ করেছে কোনো জয়ই অঘটন নয়। এই জয়ের ফলে গ্র“প পর্ব থেকে বিদায় নিতে হল পাঁচ বারের চ্যাম্পিয়ন ভারতকেও।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে অবস্থান ধর্মঘট পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : শর্ট সেমিস্টার চালু ও ডক্টরস অব ভেটেরিনারি মেডিসিন ২য় বর্ষ ২য় সেমিস্টার পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়নের দাবিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা ক্লাশ বর্জন করে সোমবার দিনভর অবস্থান ধর্মঘট পালন করেছে।

একাডেমিক ভবনের সামনে শিক্ষার্থীরা এই অবস্থান ধর্মঘট পালন করে।

সকালে ক্যাম্পাসে তারা একটি শোভাযাত্রাও বের করে।

আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা জানিয়েছে, দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন অব্যাহত রাখবে। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।

শাবিপ্রবিতে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক হয়ে আসছে ॥ শিবিরের হামলা অব্যাহত

নিজস্ব প্রতিবেদক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক হয়ে আসছে। সোমবারও পাঠদান হয়েছে বিভিন্ন বিভাগে। ক্লাশে শিক্ষার্থীদের উপস্থিতিও বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে নিজেদের আহুত ধর্মঘট ভন্ডুল হয়ে যাওয়ায় ক্ষিপ্ত ছাত্র শিবির শিক্ষার্থী ও কর্মচারীদের বহনকারী বাসে হামলা অব্যাহত রেখেছে। সোমবার সকালে সিলেট মহানগরীর আম্বরখানা ও দুপুরে সুবিদবাজার এলাকায় শিক্ষার্থীদের বহনকারী দু’টি বাসে হামলা চালানো হয়। এতে আহত হয় ৩ জন শিক্ষার্থী। ইতোপূর্বে আরো ৮টি বাসে হামলা চালানো হয়েছিল।

অভিযোগ পাওয়া গেছে, পুলিশ অনেকটা নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। মামলার আসাসি ধরতে তেমন তৎপর নয়।

অথচ অনেক আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে শাবিপ্রবি কর্তৃপক্ষ এসএমপি কমিশনারের কাছে অভিযোগ করেছেন।

শাবিপ্রবি পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি ॥ ৩দিনের শোক কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। যান চলাচল বন্ধ রয়েছে সিলেট-সুনামগঞ্জ সড়কে। ক্যাম্পাস থেকে কিছু দূরে পুলিশ অবস্থান নিয়েছে।

দুই সহপাঠী হত্যার প্রতিবাদে শাবিপ্রবি শিক্ষার্থীরা শনিবার সকাল ১১টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করে। ভাঙচুর করে প্রধান ফটকে। এছাড়া সিলেট-সুনামগঞ্জ সড়কে অবরোধ সৃষ্টি করে।

খবর পেয়ে দেড়টার দিকে মহানগর আওয়ামী লীগ সভাপতি সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা সভাপতি জহির চৌধুরী সুফিয়ান ও সাধারণ সম্পাদক সাংসদ শফিকুর রহমান চৌধুরী ক্যাম্পাসে যান। কথা বলেন বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে। এসময় শাবিপ্রবি উপাচার্য ড. মো. সালেহ উদ্দিনও উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ নেতারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

উপ পুলিশ কমিশনার এজাজ আহমদ আশ্বাস দেন, ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা হবে। উপাচার্য ঘোষণা করেন, নিহতদের স্মরণে রোববার সকাল ১১টায় শোকর‌্যালি ও সাড়ে ১১টায় শোকসভার আয়াজন করা হবে। এছাড়া আগামী ৩দিন শাবিপ্রবিতে পাঠদান ও সকল পরীক্ষা স্থগিত থাকবে।

এতে পরিস্থিতি খানিকটা শান্ত হলেও পুরোপুরি স্বাভাবিক হয়নি। বিকেল ৩টার দিকে নিহত ছাত্রদের ব্যাচমেটরা শাবিপ্রবির প্রধান ফটকে আমরণ অনশন শুরু করে।

বিকেল ৪টায় শেষ খবর পাওয়া পর্যন্ত সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ ক্যাম্পাসে উপাচার্য ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছিলেন।

পূর্ববর্তী খবর : সহপাঠীদের সাথে বেড়াতে গিয়ে বখাটেদের হামলায় নিখোঁজ সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্রের লাশ পুলিশ উদ্ধার করেছে। নিহত দু’জন হলো, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স ২য় বর্ষ ২য় সেমিস্টারের ছাত্র দীপঙ্কর ঘোষ অনিক ও খায়রুল কবির। সদর উপজেলার পুটামারা এলাকায় চেঙ্গের খাল নদীতে লাশ দু’টি পাওয়া যায়।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় সহপাঠী ৫ ছাত্র ৩ ছাত্রী বাদাঘাট এলাকায় ভাড়া করা নৌকায় চেঙ্গেরখাল নদীতে ঘুরে বড়ানের সময় একদল বখাটে তাদের উপর হামলা চালায়। এসময় দীপঙ্কর ঘোষ অনিক ও খায়রুল কবির নিখোঁজ হয়। সারারাত পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী তাদেরকে উদ্ধারে তৎপরতা চালায়।

শনিবার সকাল ৭টার দিকে দীপঙ্কর ঘোষ অনিক ও ১০টার দিকে খায়রুল কবিরের লাশ ভেসে উঠে।

এ ঘটনায় পুলিশ নৌকার মাঝি সহ ৪ জনকে আটক করেছে।

প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে স্মরণ করা হলো ১৬ ডিসেম্বরের শহীদদের

নিজস্ব প্রতিবেদক : এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে একাত্তরের ১৬ ডিসেম্বর বিজয়ের ঠিক পূর্ব মুহূর্তে সিলেট মহানগরীর মির্জাজাঙ্গাল এলাকার শহীদদের স্মরণ করা হলো।

এ উপলক্ষে শুক্রবার সকালে নির্ভীক-নান্দনিক-ইস্পাতকঠিন(নিনাই) একদল তরুণ গণকবরে প্রদীপ প্রজ্জ্বলন, শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও স্মৃতিচারণের আয়োজন করে।

১৯৭১ সালের এদিন সকাল ৯টা ৩২ মিনিটে মির্জাজাঙ্গালের একটি বাসায় মর্টার সেলের আঘাতে সিলেট পৌরসভার অবসরপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. দিগেন্দ্র চন্দ্র এন্দ, তার স্ত্রী সুনীতিবালা এন্দ, মেয়ে শিখা এন্দ, শিবানী এন্দ, বড়ছেলে রানা এন্দ, রানা এন্দের স্ত্রী খনা এন্দ, ছেলে অপু এন্দ, নাতনি পম্পা এন্দ ও রানা এন্দের শ্বশুর গোপেশ দাস শহীদ হন। একই সময় রাস্তার উপর অজ্ঞাত পরিচয় আরো একজন প্রাণ হারান।

গণকবরের পাশে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাবেক পৌর চেয়ারম্যান এডভোকেট আ. ফ. ম কামাল, প্রবীণ ব্যক্তিত্ব আব্দুর রহমান চৌধুরী, মুক্তিযোদ্ধা বেদানন্দ ভট্টাচার্য, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক সাংবাদিক আল-আজাদ, সাবেক পৌর কমিশনার এডভোকেট প্রদীপ ভট্টাচার্য, শহীদ পরিবারের সদস্য এডভোকেট বন্ধু গোপাল দাস, তাপস বন্ধু দাস, প্রতীক এন্দ ও পরিবেশবিদ আব্দুল করিম কিম। উদ্যোক্তাদের একজন তায়েফ আহমদ অনুষ্ঠান উপস্থাপনা করেন।

এডভোকেট আ. ফ. ম কামাল ও আব্দুর রহমান চৌধুরী সেদিনের হৃদয় বিদারক ঘটনার যখন স্মৃতিচারণ করছিলেন তখন উপস্থিত সবার চোখ অশ্রুসজল হয়ে উঠে।

মেয়র ঘোষণা করেন, সবার সহযোগিতা নিয়ে সিটি কর্পোরেশন খুব শিগগির এই গণকবর সংরক্ষণের উদ্যোগ নেবে।

Follow

Get every new post delivered to your Inbox.